কেন্দুয়া প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মনকান্দা গ্রামের নিখোঁজ যুবদল নেতা রফিকুল ইসলাম শামীমের সন্ধান দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব এবং নেত্রকোনা-৩ (কেন্দুয়াুআটপাড়া) আসনে একাধিকবার ধানের শীষের প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী। কয়েক সহস্রাধিক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।
উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন,”আমাদের যুবদল নেতা রফিকুল ইসলাম শামীম নিখোঁজ হওয়ার পর আজ ১৩ দিন পার হয়ে গেছে। আমরা থানায় সাধারণ ডায়েরি করেছি। অথচ এতদিনেও প্রশাসন কোনো খোঁজ দিতে পারেনি। আগামী সাত দিনের মধ্যে শামীমের সন্ধান না পেলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।”
তিনি আরও বলেন, “কিছু ধর্মব্যবসায়ী নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং আমাদের শীর্ষ নেতাদের নিয়ে কটূক্তি করছে। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। মসজিদের পবিত্রতা নষ্ট করে যেন কেউ সাংগঠনিক কার্যক্রম চালাতে না পারে, সে দিকেও সবাইকে খেয়াল রাখতে হবে।”
উল্লেখ্য, গত ২ জুলাই রাত ১২টার দিকে শামীম স্থানীয় মডেল বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর ফেরেননি। ঘটনার দুই দিন পর একই ইউনিয়নের গৈছাসিয়া গ্রামের একটি ব্রীজের নিচের পানিতে তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
শামীমের নিখোঁজ ঘটনায় পরিবারের
ও রাজনৈতিক অঙ্গনে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
