মুহা. জহিরুল ইসলাম অসীম:
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর মাধুপাড়া বিওপির ৬ সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত মেইন পিলার ১১৪৭/৩-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মাস্টার ব্রিজ এলাকায় তল্লাশি চালানো হয়।
এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় আইকনিক হোয়াইট ব্র্যান্ডের ২১ বোতল এবং আইস ভদকা ব্র্যান্ডের ২৪ বোতলসহ মোট ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে এবং যে কোনো ধরনের অপরাধ দমনে বাহিনী সর্বদা তৎপর রয়েছে।
