মুহা. জহিরুল ইসলাম অসীম:
নেত্রকোণায় শারীরিক বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টায় এই কর্মসূচির আয়োজন করে জেলার সামাজিক উন্নয়ন সংস্থা আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি)।
এসময় এআরএফবি সহমর্মিতা কর্মসূচির মাধ্যমে সংস্থাটির কার্যালয়ে ৫০টি পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
এআরএফবি চেয়ারম্যান দিলওয়ার খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা সঞ্জিব চক্রবর্তী।
সংস্থার কর্মসূচি ব্যবস্থাপক পারভেজ কামালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন, শামীম খান, সংস্থার সেক্রেটারি চন্দন নাথ চৌধুরী, মিজানুর রহমান, সাদ্দাম হোসেন প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সঞ্জীব চক্রবর্তী বলেন, প্রতিবন্ধি বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির’ আমাদের সমাজের অংশ তাদের নিরাপত্তা, সহযোগিতা ও তাদের প্রতি বিশেষভাবে সদয় হওয়া সকলের কর্তব্য। এসময় তিনি সরকারি সুবিধা এবং জিও-এনজিওর সমন্বয়ের কথা আলোচনা করেন।
উল্লেখ যে, চলতি মাসের গত ৫ সকাল ১১টায় এআরএফবি হলরুমে আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ চেয়ারম্যান দিলওয়ার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এসিস্ট ফান্ডের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সংস্থাটি ২০১০ সাল থেকে তাদের এসিস্ট ফান্ড এর মাধ্যমে অস্বচ্ছল ও প্রতিবন্ধী পরিবারের পাশে বিভিন্ন মানবিক সেবা প্রদান করে আসছে। এ পর্যন্ত এসিস্ট ফান্ড থেকে ৫০টির অধিক প্রতিবন্ধী পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও ১৭৪ জন অস্বচ্ছল পরিবারকে এসিস্ট ফান্ড, সমাজসেবা অধিদপ্তরের রোগী কল্যাণ সমিতি, জেলা প্রশাসক এবং মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মাধ্যমে রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে।
২০২৩ সালে এআরএফবি জেলার কেন্দুয়া ও নেত্রকোণা সদর উপজেলায় ২৫০টি পরিবারকে সুবিধাভোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে তাদেরকে ও তাদের পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।
এছাড়া এই উদ্যোগের অংশ হিসেবে এসিস্ট ফান্ডের অর্থায়নে অস্বচ্ছল ও প্রতিবন্ধী ৫০টি পরিবারকে আয়বৃদ্ধিমূলক প্রকল্পের মাধ্যমে পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এব্যাপারে সংস্থাটির চেয়ারম্যান দিলওয়ার খান দাতা সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের অব্যাহত সহযোগিতা ও আন্তরিক সমর্থন আমাদের এই মানবিক উদ্যোগকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দীর্ঘদিন ধরে এআরএফবির সাথে থেকে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সকল দাতাগনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
