নিজস্ব প্রতিবেদক:
আজ সোমবার (২৩ মার্চ ২০২৬) বিকেলে নেত্রকোণার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের হোগলা বাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, হোগলা ইউনিয়ন শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য জননেতা মাছুম মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূর্বধলা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ জয়নাল আবেদীন, হোগলা বাজার কমিটির সভাপতি সোহরাওয়ার্দী মীর, সাধারণ সম্পাদক বাবুল মিয়া এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডা. দেলোয়ার জাহান খান। এছাড়াও সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি তাজুল ইসলাম বাবুলসহ হোগলা বাজারের ব্যবসায়ী ও স্থানীয় প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সভাপতি এমদাদুল হক আকন্দ (বাচ্চু) এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোঃ আকিকুল ইসলাম (আতিক)।
মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ীরা হোগলা বাজারের উন্নয়ন, আধুনিকায়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৭ দফা প্রস্তাবনা উপস্থাপন করেন। প্রস্তাবগুলোর মধ্যে বাজারে নিরাপত্তা জোরদার, পুলিশ ফাঁড়ি স্থাপন, মাদক নিয়ন্ত্রণ, সিসি ক্যামেরা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বিশুদ্ধ পানির সরবরাহ এবং বাজারের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবি উল্লেখযোগ্য।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাছুম মোস্তফা ব্যবসায়ীদের উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, হোগলা বাজারের উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
