বারহাট্টা প্রতিনিধ :
নেত্রকোনার বারহাট্টায় নেত্রকোণা-মোহনগঞ্জের বড় রাস্তা হতে বারহাট্টা রেলওয়ে স্টেশন পর্যন্ত রাস্তার বেহাল দশা। রাস্তাটি ভগ্নপ্রায় অবস্থার জন্য চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার সাধারণ জনগণ। পুরো রাস্তায় ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।
গর্তগুলোতে বৃষ্টি হলে পানি জমে ধীরে ধীরে আরও বড় আকার ধারণ করে । গর্তে জমে থাকা খানাখন্দক সাধারণ জনগণ ও যানবাহন চালকদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সরেজমিনে সড়কটির এ বেহাল দশা দেখা যায়। বলা যায় বারহাট্টা উপজেলার মধ্যে স্টেশন রোডের রাস্তার গুরুত্ব লিখে শেষ করা যাবে না।
অত্র উপজেলার এমনকি অন্য উপজেলার দুর দুরান্ত থেকে এই রাস্তা ধরে স্টেশনে এসে ট্রেনের মাধ্যমে সারা দেশে সাধারণ জনগণ যোগাযোগ রক্ষা করে থাকেন। স্কুল ও কলেজে যাতায়তের একটি রাস্তা। অফিস আদালতে যাওয়ারও এটিই একমাত্র রাস্তা।
গুরুত্বপূর্ণ এ রাস্তা দিয়ে ঝুঁকি নিয়েই স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ জনগণ প্রতিনিয়ত যাতায়ত করছেন। ফলে ছোট-বড় দুর্ঘটনাও ঘটে থাকে।
অটোচালক রিয়াদ মিয়া বলেন, এই ভঙ্গুর রাস্তাটির কারণে ট্রেনের যাত্রীদের আনা-নেওয়া করতে আমাদের খুবই কষ্ট হয়। অনেক সময় অটো উল্টে গিয়ে দূর্ঘটনার সৃষ্টি হয়। আমরা দ্রুত এই রাস্তাটি সংস্কার করার জোর দাবী জানাই। অটোরিকশাচালক সেলিম খান বলেন, রাস্তাটার অবস্থা খুব খারাপ। যাত্রী নিয়ে গাড়ি চালিয়ে যাওয়া বেশ কঠিন। গর্তে পড়ে গাড়ি প্রায় সময়ই উল্টে যায়। আমাদের গাড়িরও ক্ষতি হচ্ছে। রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করা না হলে চলাচল করাই দুরূহ হয়ে যাবে।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বারহাট্টা উপজেলা প্রকৌশলী কাজী আব্দুল বাতেন বলেন, ‘সত্যি রাস্তাটির অবস্থা খুব খারাপ। কংস নদের উপর একটি ব্রীজের কাজ চলমান রয়েছে। উক্ত ব্রীজের কাজের সাথে এই রাস্তাটির কাজও যুক্ত আছে। আশা করি অল্প সময়ের মধ্যে আমরা কাজ শুরু করতে পারবো।
