নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার প্রবীণ ও বিজ্ঞ আইনজীবী হাজী মোঃ আব্দুল ওয়াহাব (ডাকনাম: তারামিয়া) আর নেই।
গত ২২ আগস্ট সকালে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
রোববার (২৪ আগস্ট) দুপুরে জেলা জজ আদালত ভবনের দ্বিতীয় তলায় তাঁর মৃত্যুতে ডেথ রেফারেন্স অনুষ্ঠিত হয়। এতে জেলার সকল সিনিয়র–জুনিয়র মেজিস্ট্রেট, জেলা আইনজীবী সমিতির সভাপতি–সাধারণ সম্পাদকসহ অসংখ্য আইনজীবী উপস্থিত ছিলেন।
শোকসভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আমিনুল হক খান মুকুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী। মরহুমের বড় ছেলে অ্যাডভোকেট জাকারিয়া হাসান নির্ঝর বলেন, “২২ আগস্ট আমার ছোট ভাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন ভোরে বাবা আমাদের ছেড়ে চলে যান।”
সভায় বক্তৃতা দেন অ্যাডভোকেট আনিসুল হক শরীফ আহমেদসহ অন্যান্য প্রবীণ আইনজীবীরা। তাঁরা বলেন, আব্দুল ওয়াহাব ছিলেন আইনজীবী সমাজের অভিভাবকসুলভ ব্যক্তিত্ব। দীর্ঘ ৩৬ বছর তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে আইনপেশায় দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে জেলার আইন অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।
হাজী আব্দুল ওয়াহাব ১৯৫৯ সালে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পশ্চিম হাড়িগাতি গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা ল কলেজ থেকে এলএলবি পাস করে ১৯৮৬ সালে নেত্রকোনা বার অ্যাসোসিয়েশনে যোগ দেন। দুর্গাপুর চৌকি আদালতে তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি সামাজিকভাবেও সক্রিয় ছিলেন—নিজ গ্রামের ঈদগাহ ও একটি মাদ্রাসার জন্য জমি দানসহ নানা জনহিতকর কাজে সম্পৃক্ত ছিলেন।
মৃত্যুর পর সেদিন বিকেলে কলমাকান্দা উপজেলা স্টেডিয়ামে প্রথম জানাজা এবং রাতে নিজ গ্রামের ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
