মোহনগঞ্জ সংবাদদাতা:
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অন্যত্র বদলী হওয়া দুইজন চিকিৎসক সাড়ে ছয় মাস ধরে ডাক্তারদের পদ্মা বাসভবন ডক্টরস ডরমেটরী নিজেদের দখলে রেখেছেন।
শুধু তাই নয়, তারা বাসা ভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধও করছেন না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোমেনুল ইসলাম এ ঘটনায় রোববার ডাঃ সঞ্জীব দত্ত ও ডাঃ মোঃ মারুফ-উল-আলম তালুকদারকে বাসা ভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধের জন্য লিখিতভাবে নোটিশ করেছেন।
বর্তমানে ডাঃ সঞ্জীব দত্ত ধর্মপাশা এবং ডাঃ মোঃ মারুফ-উল-আলম তালুকদার খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন। জানা গেছে, মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাঃ সঞ্জীব দত্ত চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্স বদলী হন। তিনি বদলী হলেও ডক্টরস ডরমেটরী এখনও তার দখলে রয়েছে।
তিনি বিদ্যুৎ বিল ও বাসা ভাড়া আনুমানিক ৮ হাজার টাকা পরিশোধ করছেন না। একইভাবে ডাঃ মোঃ মারুফ-উল-আলম তালুকদার চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্স বদলী হন। তিনিও সরকারি বাসভবন এখনও তার দখলে রেখেছেন। এ চিকিৎসকও বিদ্যুৎ বিল ও বাসা ভাড়া আনুমানিক ৮০ হাজার টাকা পরিশোধ করছেন না।
এ ব্যাপারে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোমেনুল ইসলাম রোববার ৩১ আগস্ট ওই দুইজন চিকিৎসকে ৩দিনের মধ্যে বাসা ভাড়া ও বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করে বাসা ছেড়ে দেওয়ার জন্য চিঠি ইস্যু করেছেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে ডাঃ সঞ্জীব দত্ত বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলেই আমি কোয়ার্টারে আছি। বকেয়ার বিষয়ে কথা বললে তিনি কোন উত্তর দেননি।
অপর চিকিৎসক ডাঃ মোঃ মারুফ-উল-আলম তালুকদারকে মোবাইল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এ প্রসঙ্গে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোমেনুল ইসলাম জানান, সরকারি বকেয়া ও বিদ্যুৎ বিল দ্রুত পরিশোধসহ ডক্টরস ভবন ছাড়তে ওই দুই চিকিৎসককে নোটিশ করেছি। দ্রুত বিষয়টি সুরাহা করবেন বলে আশা করছি।
