কেন্দুয়া প্রতিনিধি:
কেন্দুয়া পৌরশহরের দিকদাইর গ্রামের জামিয়ায়া রাশিদিয়া হাফিজিয়া মাদ্রাসায় বার্ষিক সিরাত প্রতিযোগিতার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে মাদ্রাসার হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্কের বিষয় ছিল— “স্বৈরাচার রুখতে পি.আর. পদ্ধতি প্রধান উপায়”। পক্ষে ও বিপক্ষ দলের যুক্তি-তর্কে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিচারকমণ্ডলী পক্ষে থাকা দলকে বিজয়ী এবং মো. মুরসালীনকে সেরা বক্তা ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতী শফিকুল ইসলাম রাহমানি। বিচারকের দায়িত্ব পালন করেন মুফতী আহমেদ কবীর খান ও মুফতী রেজাউল করিম। রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূইয়া সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক মামুনুর রশিদ, সালাউদ্দিন সালাম, শাহ আলী তৌফিক রিপনসহ অনেকে। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
