কেন্দুয়া প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়ায় যুবদল নেতা রফিকুল ইসলাম শামীমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনে বারবার ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব রফিকুল ইসলাম হিলালী। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জরিপের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, গন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন তমজিদ প্রমুখ।
বক্তারা বলেন, রফিকুল ইসলাম শামীম ছিলেন একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী ও সাহসী যুবদল নেতা। তাঁর মতো তরুণ নেতৃত্ব হারিয়ে কেন্দুয়ার রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। তাঁরা শামীম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় বক্তারা প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করে বলেন, হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।
উল্লেখ্য, গত ২ জুলাই রাতে ৫নং গন্ডা ইউনিয়নের সাবেক ছাত্রদল সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা রফিকুল ইসলাম শামীম নিখোঁজ হন। দুই দিন পর তাঁর মোটরসাইকেল উদ্ধার হলেও দীর্ঘ তিন মাস পর স্থানীয় বিরানদি বিল থেকে উদ্ধার করা হয় একটি মানব কঙ্কাল। গায়ের কাপড় দেখে পরিবার সেটিকে শামীমের দেহাবশেষ হিসেবে শনাক্ত করে এবং ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন করা হয়।
