জায়েদ হাসান, মোহনগঞ্জ প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) রাত ৮টায় স্থানীয় মাছঘাট এলাকায় এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শিল্প ও বাণিজ্য বিভাগের সভাপতি এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শাহীন আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনের মনোনীত এমপি প্রার্থী ও ময়মনসিংহ মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ, নায়েবে আমীর এ.টি.এম. হামিদ উল্লাহ তালুকদার, উপজেলা সাধারণ সম্পাদক মো. জায়েদ হাসান এবং পৌর আমীর রফিক আহমেদ রাসেল প্রমুখ।
সভায় বিশিষ্ট ব্যবসায়ী আফজালুর রহমান মিন্টু বলেন, “জামায়াতই এই দেশে ব্যবসায়ীদের প্রকৃত মূল্যায়ন করতে জানে। তাদের মধ্যে দলীয় শৃঙ্খলা প্রশংসনীয়। তাই আমাদের উচিত আগামী নির্বাচনে জামায়াতের পাশে থাকা।”
প্রধান অতিথি অধ্যাপক আল হেলাল তালুকদার তাঁর বক্তব্যে বলেন, “আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে বিশ্বাসী। আমরা চাঁদাবাজি করি না, দখলদারিত্বে বিশ্বাসী নই। আমরা শান্তি প্রতিষ্ঠার রাজনীতি করি। যদি জনগণ আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সুযোগ দেন, তাহলে আমরা নিশ্চয়তা দিচ্ছি— ব্যবসায়ীরা নির্বিঘ্নে ও নিরাপদে তাঁদের ব্যবসা পরিচালনা করতে পারবেন।”
সভায় মোহনগঞ্জ উপজেলার সর্বস্তরের ব্যবসায়ীরা উপস্থিত থেকে আলোচকদের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন। সমগ্র অনুষ্ঠানে ব্যবসায়ীদের মাঝে ছিল আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ।
