নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণা দুর্গাপুরে নবম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রিংকু রংদী (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার রাতে ধর্ষণের ঘটনা ঘটে। রিংকু রংদী দুর্গাপুর উপজেলার মাধুপাড়া গ্রামের সুপারসন চাম্বু গংয়ের ছেলে।
জানা গেছে, নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা ও স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থীর (১৪) সাথে ৫-৬ মাস আগে রিংকু রংদীর পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে। এ সুবাদে তাদের যোগাযোগ এবং এক পর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়।
গত সোমবার সকালে ওই শিক্ষার্থী দুর্গাপুরের বন্ধুর বাড়িতে বেড়ানোর কথা বলে বাসা থেকে বের হয়। পরে ওইদিন রিংকু শিক্ষার্থীকে নিয়ে দুর্গাপুরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে সন্ধ্যায় তার বাড়িতে নিয়ে যায় এবং রাতে থাকতে বলে তাঁর বাসায়। এতে শিক্ষার্থী রাজি হয়ে রাতের খাবার খেয়ে তাঁর বাড়ির এক কক্ষে ঘুমিয় পড়ে সে এবং বাড়ির অন্য কক্ষে ঘুমায় রিংকু। ওই দিন রাত ১১ টার দিকে রিংকু কৌশল অবলম্বন করে শিক্ষার্থীর রুমে ঢুকে। এ সময় রিংকু শিক্ষার্থীকে ভয় ভিতি প্রদর্শন করে ধর্ষণ করে। ওই সময় শিক্ষার্থীর ডাক চিৎকারে আশপাশের লোকজন যায়।
পরে শিক্ষার্থী আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। পরবর্তীতে শিক্ষার্থী বিষয়টি ফোনে তার পরিবারকে জানায়। পরিবার দুর্গাপুরে গিয়ে বিষয়টি পুলিশকে জানায় এবং পুলিশ ঘটনাস্থলে এসে রিংকুকে আটক করে।
এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা করেন। ওই মামলায় পুলিশ রিংকুকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে সোপর্দ করে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে আটক করা হয়। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
