কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোনার কলমাকান্দায় ডোবার
পানিতে পড়ে হাবিবুর রহমান ত্বহা নামের ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকালের দিকে কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামে।
মৃত ত্বহা বড়খাপন গ্রামের মাদরাসার শিক্ষক মোঃ আওলাদ মিয়া ও গৃহীনী
তানজিলা খাতুন দম্পতির সন্তান।
মৃতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা
তানজিলা পাকের ঘরে রান্নার কাজ করছিল। এ সময় শিশু ত্বহা খেলা করতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের একটি ছোট ডোবায় পড়ে যায়। কিছু সময় পর শিশু ত্বহাকে দেখতে না পেয়ে তার মা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুমন পাল শিশুটিকে পরীক্ষা নিরীক্ষা করার পর ত্বহাকে মৃত ঘোষণা করেন।
ডাঃ সুমন পাল বলেন, অভিভাবকদের অসচেতনতা ও অসতর্কতাই কখনো কখনো এমন হৃদয়বিদারক ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। তাই প্রতিটি পরিবারের উচিত ছোট শিশুদের নিরাপত্তার ব্যাপার আরো দায়িত্ব শীল হওয়া।
এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিক হোসেনের যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
