মোঃ তরিকুল ইসলাম:
হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ইসলামী সমমনা ৮ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি। পরে মিছিলটি প্রধান সড়কে এসে শেষ হলে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও কার্যকর তদন্ত ও বিচার দৃশ্যমান নয়।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে বিচার নিশ্চিত না করা হলে ইসলামী সমমনা ৮ দলের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।
