নেত্রকোনা সংবাদদাতা :
‘জ্ঞানই মুক্তি, আগামীর ভিত্তি’—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উপলক্ষে নেত্রকোণায় এআরএফবি গ্রন্থাগারের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এআরএফবি গ্রন্থাগারের সভাপতি দিলওয়ার খানের সভাপতিত্বে আয়োজিত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক প্রফেসর ননী গোপাল সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ফজলুল হক নোমান ও সিনিয়র শিক্ষক শহীদুল ইসলাম।
র্যালীটি সাকুয়া বাজার এলাকা থেকে শুরু হয়ে নেত্রকোণা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে এআরএফবি গ্রন্থাগারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার মো. পারভেজ কামাল, এআরএফবি গ্রন্থাগারের সাধারণ সম্পাদক চন্দন নাথ চৌধুরী, পাঠক প্রতিনিধি মাওলানা এমদাদুল হক ও শ্যামল সরকারসহ অন্যান্যরা। বক্তারা পাঠাভ্যাস গড়ে তোলা ও সমাজ গঠনে গ্রন্থাগারের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভা শেষে বছরের শ্রেষ্ঠ পাঠকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
