নেত্রকোনা সংবাদদাতা :
নেত্রকোণা জেলার তিনটি সংসদীয় আসন—নেত্রকোণা-৫, নেত্রকোণা-৪ ও নেত্রকোণা-৩ এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে বিকাল সোয়া ৪টা পর্যন্ত এসব জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভাগুলোতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া, রাকসুর বর্তমান ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, নেত্রকোণা জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা এনামুল হক, জেলা জামায়াতের বর্তমান আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছ এবং নায়েবে আমীর মাওলানা মাহবুবুর রহমান।
জনসভায় বক্তারা বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে ইনসাফপূর্ণ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’-কে বিজয়ী করতে হবে।
স্বাধীনতার ৫৪ বছরে যারা সরকারে ছিল তারা বারবার জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। তাই রাষ্ট্রে জনগণের অধিকার প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীসহ ১১ দলীয় নির্বাচনী সমঝোতা জোটের প্রার্থীদের বিজয়ী করতে হবে।”
এসময় সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, নারী হেনস্তা ও ঋণখেলাপীদের বিরুদ্ধে আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
জানা গেছে, নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে মাসুম মোস্তফা, নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসনে মোঃ আল-হেলাল তালুকদার এবং নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে মোঃ খায়রুল কবির নিয়োগী দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জনসভাগুলোতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী এবং হাজার হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
