নেত্রকোনা প্রতিনিধি:
ধর্মীয় মাহফিল আয়োজনে বক্তাদের উচ্চ পারিশ্রমিক যখন আয়োজকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, ঠিক সেই সময়ে ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়ে প্রশংসায় ভাসছেন মাওলানা আবু তাহের ভূগী।
তিনি ঘোষণা দিয়েছেন, নিজ এলাকা ও আশপাশের মাহফিলে কোনো ধরনের সম্মানী বা পারিশ্রমিক ছাড়াই দ্বীনি আলোচনা পেশ করবেন।
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার এই তরুণ আলেম জানান, সাধারণ মানুষের মাঝে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দেওয়াই তাঁর মূল লক্ষ্য। তিনি স্পষ্ট করে বলেছেন— মাহফিল আয়োজক কমিটিকে তাঁকে সম্মানী হিসেবে একটি টাকাও দিতে হবে না।
তিনি প্রখ্যাত আলেম আল্লামা গহরপুরী (রহ.)-এর আদর্শে অনুপ্রাণিত। ২০১১ সালে শিক্ষা জীবন সমাপ্ত করার পর থেকে এখন পর্যন্ত কোনো মাহফিল বা ধর্মীয় কাজে তিনি কারো কাছে অর্থ দাবি করেননি।
তাঁর ভাষ্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং এলাকার মানুষের দ্বীনি উন্নতিই তাঁর এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
ধর্মীয় শিক্ষায় উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য তিনি সিলেটের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর থেকে ১৪৩২ হিজরি (২০১১ খ্রিষ্টাব্দ) সনে তাকমীল (মাস্টার্স সমমান) সম্পন্ন করেন। বর্তমানে তিনি ভূগী উত্তর পাড়া জামে মসজিদ-এর ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ভূগী দারুল উলুম কওমী মাদ্রাসা-এর প্রতিষ্ঠাতা।
প্রাথমিকভাবে নারান্দিয়া ইউনিয়নসহ আশপাশের এলাকায় আয়োজিত দ্বীনি মাহফিলে তিনি এই সেবা প্রদান করবেন। দ্বীনি প্রয়োজনে সরাসরি যোগাযোগ করা যাবে তাঁর ব্যক্তিগত মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বরে: ০১৭৬৩-৪৪০৪১৩।
মাওলানা আবু তাহেরের এই নিঃস্বার্থ উদ্যোগকে স্থানীয় সাধারণ মানুষ ও ওলামায়ে কেরাম সাধুবাদ জানিয়েছেন। অনেকের মতে, তাঁর এই সিদ্ধান্ত বর্তমান সমাজের অন্যান্য বক্তাদের জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
