জাকির আহমেদ:
নেত্রকোনার মদনে মোঃ রিপুল মিয়া ও বাবুল মিয়া নামের দুই মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত কারাদন্ড দিয়েছে। একজনকে ছয় মাস ও অপরজনকে ১৫দিনের কারাদন্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার বিকালে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ নির্বাহী মাজিস্ট্রেট নাদির হোসেন শামীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় তাদের কারাদন্ড দেন। এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তর।
দণ্ড প্রাপ্তরা হলেন- মদন উপজেলার হাঁসকুড়ি গ্রামের মৃত যাদের আলীর ছেলে মোঃ রিপুল মিয়া (৩০)। অপরজন একই উপজেলার দক্ষিণ পাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে বাবুল মিয়া (৭০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটককৃত আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবন করে আসছে। গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে নেত্রকোনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বৃহস্পতিবার অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের কে আটক করে। পরে মদন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী মাজিস্ট্রেট নাদির হোসেন শামীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক দুইজনকে ভ্রাম্যমান আদালতে সাজা দেন। বাবুল মিয়া কে ছয় মাস ও মোঃ রিপুল মিয়াকে পনের দিনের সাজা দেন ভ্রাম্যমান আদালত।
এ সময় নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মকর্তারা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মদন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ নির্বাহী মাজিস্ট্রেট নাদির হোসেন শামীম জানান, আজ মদন উপজেলায় দুজনকে মাদকদ্রব্য সেবন ও বিক্রয়ের সময় হাতেনাতে আটক করে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
