প্রিয়া খান:
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল (স্কুল ফিডিং) কর্মসূচির জন্য নির্ধারিত বনরুটি অবৈধভাবে উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ বনরুটি জব্দ করা হয়েছে।
বুধবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে দুর্গাপুর পৌর শহরের শিবগঞ্জ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় মিড ডে মিল কর্মসূচির বনরুটি পরিবহনের সময় ১০টি বস্তায় থাকা মোট ৯০০ প্যাকেট বনরুটি জব্দ করা হয়। অভিযানের সময় একজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে বনরুটি উৎপাদন ও পরিবহনের দায়ে শিবগঞ্জ এলাকার ব্যবসায়ী সাইফুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিচালিত মিড ডে মিল কর্মসূচির আওতায় নির্ধারিত প্রতিষ্ঠানে বনরুটি উৎপাদনের বিধান থাকলেও শিবগঞ্জ এলাকার ‘ভাই ভাই বেকারি’ সরকারি প্যাকেট ব্যবহার করে অবৈধভাবে বনরুটি উৎপাদন করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে অভিযোগ পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে প্রশাসন অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বনরুটি জব্দ করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত বলেন, “সরকারি স্কুল ফিডিং কর্মসূচির জন্য নির্ধারিত প্যাকেট ব্যবহার করে অবৈধভাবে বনরুটি উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জব্দকৃত বনরুটি উদ্ধার করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “সরকারি কর্মসূচির স্বচ্ছতা ও মান বজায় রাখতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ এ ধরনের অনিয়মে জড়িত হলে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সচেতন মহল মনে করছে, শিক্ষার্থীদের জন্য পরিচালিত সরকারি খাদ্য কর্মসূচিতে অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা প্রয়োজন।
