নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণা:
নেত্রকোণায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা কারাগারে শীর্ষক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখা।
বৃহস্পতিবার (১৮ জুন) জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার-মিডিয়া সম্পাদক জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বলা হয়, গত ১৬ জুন দৈনিক আজকের পত্রিকা ও যায় যায় দিন এবং ১৭ জুন যুগান্তর, আমার দেশসহ বিভিন্ন গণমাধ্যমে “নেত্রকোণায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা কারাগারে” শিরোনামে প্রকাশিত সংবাদটি বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, মামলার আসামি মো. নজরুল ইসলাম ২০২৬ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে দলটি দাবি করেছে। এছাড়া যে মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন, সেই মামলাটি দায়ের করা হয় ২০২৫ সালের ১৩ জুলাই, যা তার জামায়াতে যোগদানের আগের ঘটনা।
জামায়াত নেতৃবৃন্দের দাবি, মামলায় একাধিক আসামি থাকলেও সংবাদে অন্যদের পরিচয় উল্লেখ না করে শুধুমাত্র নজরুল ইসলামকে ‘জামায়াত নেতা’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, পারিবারিক একটি লেনদেনসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে নজরুল ইসলামের সামাজিক হস্তক্ষেপ থাকায় মো. রুবেল রানা নামে এক ব্যক্তি ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। বিষয়টির প্রকৃত সত্য আদালতের তদন্তের মাধ্যমে উদঘাটিত হবে বলে আশা প্রকাশ করেছে দলটি।
একই সঙ্গে সংবাদমাধ্যমকে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখা বলেছে, গণমাধ্যম জাতির দর্পণ ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে তারা প্রত্যাশা করে।
