আবুল কালাম
দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর আড়াইটায় রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভার্চ্যুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার বারহাট্টা উপজেলার রূপগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়।
বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।
সরকারের নির্বাচনী ইশতেহারে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ সবুজায়ন কর্মসূচি শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় পাঁচ কোটি গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ কর্মসূচির আওতায় প্রতিবছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে জলবায়ু সচেতনতা কার্যক্রমের জন্য পাঁচ হাজার টাকা করে বিশেষ অনুদান দেওয়া হবে। চলতি বছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, কর্মসূচির আওতায় ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, এক হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং নয় হাজার ২৬৮টি মাদ্রাসা অন্তর্ভুক্ত রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান দেশের সব অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
একই অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর জাতীয় পর্যায়ের উদ্ভাবকদের তৈরি স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে সেরা উদ্ভাবকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
