নিউজ ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংগঠনের প্রতিটি রুকন আদর্শিক আন্দোলনের অন্যতম ভিত্তি। আত্মশুদ্ধি, কুরআন-হাদিস অধ্যয়ন, সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও জনকল্যাণমূলক কাজে আন্তরিকভাবে আত্মনিয়োগের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুক্রবার নেত্রকোণা জেলা পাবলিক হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, হযরত ইব্রাহিম (আ.) যেভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য তাঁর অঙ্গীকার বাস্তবায়ন করেছিলেন, তেমনি রুকনদেরও মহান রবের সন্তুষ্টির উদ্দেশ্যে গৃহীত শপথ বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহপ্রদত্ত ধন-সম্পদ দ্বীনের পথে ব্যয় করতে কৃপণতা করা যাবে না। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সাংগঠনিক জীবন ইসলামের আদর্শে গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে মত দিয়েছে। জনগণের এই রায়ের প্রতি সম্মান জানিয়ে সরকার কার্যকর উদ্যোগ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জেলা আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি বদরুল আমীন ও সহকারী সেক্রেটারি জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে সাত শতাধিক পুরুষ ও মহিলা রুকন অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া, ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য নাজমুল হক সাঈদী, ময়মনসিংহ জেলা আমীর আব্দুল করিম, ময়মনসিংহ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন এমপি, কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ রমজান আলী, শেরপুর জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান, জামালপুর জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার এবং ময়মনসিংহ মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল।
এ সময় নেত্রকোণা জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা এনামুল হক, জেলা নায়েবে আমীর মাওলানা মাহবুবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মাসুম মোস্তফা এমপিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা রুকনদের আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক শৃঙ্খলা, দাওয়াতি কার্যক্রম জোরদার এবং সমাজসেবামূলক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মাওলানা ছাদেক আহমাদ হারিছ বলেন, রুকনদের আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের মানসিকতাই সংগঠনের অগ্রযাত্রার প্রধান শক্তি। তিনি ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করা এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
সম্মেলনে যোগদানের আগে ডা. শফিকুর রহমান স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি নেত্রকোণার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।
