নিউজ ডেস্ক:
নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড (ইউএসপি) কেমিক্যাল এবং একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৩১ বিজিবির খারনই বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী সবুজের মোড় এলাকায়।
চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভারত থেকে আসা একটি মিনি ট্রাককে থামানোর সংকেত দেওয়া হলে ট্রাকে থাকা চোরাকারবারিরা সেটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে ১৬ ড্রাম ভারতীয় হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড (ইউএসপি) কেমিক্যাল উদ্ধার করা হয়। জব্দ হওয়া কেমিক্যালের আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা এবং মিনি ট্রাকটির মূল্য প্রায় ১৮ লাখ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দ করা কেমিক্যাল ও মিনি ট্রাক প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নেত্রকোণা কাস্টমস অফিসে হস্তান্তর করা হবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
