নেত্রকোণা সংবাদদাতাঃ
বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের আওতায় নেত্রকোণা পৌরসভার প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
নেত্রকোণা জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ২০ জুলাই আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান এবং সরকারের সামাজিক নিরাপত্তা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক দেবাশিস সরদার, উপপরিচালক মোহাম্মদ আলী হায়দার ভূঁইয়া, জেলা সমাজসেবা কার্যালয়, জামালপুরের উপপরিচালক মো. রোকোনুল ইসলাম এবং জেলা সমাজসেবা কার্যালয়, নেত্রকোণার উপপরিচালক মো. সহিদুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের আয়োজন ও বাস্তবায়ন করে শহর সমাজসেবা কার্যালয়, নেত্রকোণা। অর্থায়ন করে সমাজসেবা অধিদপ্তরের অধীন ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)’ প্রকল্প।
