জায়েদ হাসান:
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক পরিবারের একমাত্র ছেলে ছিলেন।
নিহত যুবকের নাম আকাশ আহমেদ (২০)। তিনি বারহাট্টা উপজেলার ধনপুর গ্রামের মো: বাচ্চু মিয়ার একমাত্র ছেলে। তিনি ইউনিলিভার লিমিটেডে চাকরিরত ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে আকাশ আহমেদ বাড়ির টিনের ঘরের চালে ওঠেন। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য উপসহকারী বিপ্লব হোসেন জানান, “আকাশ আহমেদ নামের ওই যুবককে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক ডা: পার্থ সরকার বেলা ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।”
মোহনগঞ্জ থানার ওসি মো: হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই যুবকের অকাল মৃত্যুতে বারহাট্রা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
