নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণা:
নেত্রকোনায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলার সময় মোঃ আশরাফুল ইসলাম (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (পূর্ব)। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও জুয়া খেলার স্ক্রিনশটের ৩১ পাতা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (পূর্ব), নেত্রকোনার এসআই (নিঃ) রাজীব চন্দ্র সরকারের নেতৃত্বে একটি দল শনিবার (১ আগস্ট) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে নেত্রকোনা মডেল থানার পৌরসভাধীন বাহির চাপড়া (রাজুর বাজার) শান্তিনগর এলাকায় হাসমত খাঁর বাড়ির ভাড়াটিয়া আশরাফুল ইসলামের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় তাকে ঘরের ভেতর বসে অনলাইনে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়।
গ্রেপ্তার আশরাফুল ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার সাতের মোড় (৭ নম্বর ওয়ার্ড) এলাকার মোঃ উসমান দেওয়ানের ছেলে। তিনি বর্তমানে নেত্রকোনা পৌরসভার বাহির চাপড়া (রাজুর বাজার) শান্তিনগর এলাকায় হাসমত খাঁর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬/১৭/২৭ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি নেত্রকোনা মডেল থানার মামলা নং-০৩, তারিখ ১ আগস্ট ২০২৬।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
