জায়েদ হাসান:
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অসুস্থ হয়ে ডা. মো. মমিনুল ইসলাম (৪৭) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা চলাকালে ডা. মমিনুল ইসলাম হঠাৎ অসুস্থ বোধ করেন। পরে তিনি হলরুম থেকে বের হয়ে নিচে নামার সময় মাথা ঘুরে পড়ে যান।
তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে বেলা আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অলকান্তি তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, “অনুষ্ঠান চলাকালে ডা. মমিনুল অসুস্থ হয়ে পড়লে দ্রুত ময়মনসিংহ মেডিকেলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বেলা ২টা ৩০ মিনিটে হাসপাতালে নেওয়ার পথে গাড়িতেই তার মৃত্যু হয়।”
ডা. মমিনুল ইসলামের আকস্মিক মৃত্যুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সহকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
