নিউজ ডেস্ক:
বৃষ্টিতে ভিজে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে নেত্রকোণায় জামায়াতে ইসলামীর গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বাদ আসর নেত্রকোণা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলার পাবলিক হলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ বদরুল আমিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা – ৫ আসনের সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঠিক ২ বছর আগে আওয়ামী লীগ সরকার এই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। কিন্তু ৫ আগস্ট দেশের জনগণ তাদেরকেই নিষিদ্ধ করে দিয়েছে। ৫ তারিখে লেজ গুটিয়ে সাঙ্গোপাঙ্গ নিয়ে এদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। বর্তমান সরকারকেও আমরা দেখছি সেই স্বৈরাচারের পদাঙ্ক অনুসরণ করছে। সব জায়গায় তারা দলীয়করণ করছে। দেশের ৭০% জনগণের মেন্ডেট নিয়ে গঠিত সরকার জনগণের বিরুদ্ধে গেলে টিকে থাকতে পারবেনা। আমরা চাই সরকারের শুভবুদ্ধির উদয় হোক। সমাপনী বক্তব্যে জেলা আমির বলেন,এই দেশে হাসনাত নাহিদ নাসির উদ্দীন পাটোয়ারীরা একা নয় তাদের সাথে দেশের জনগণ আছে। তিনি আরও বলেন, বর্তমান সরকারকে বলে দিতে চাই আপনারা যে পথে হাঁটছেন সেটা ফ্যাসিস্টের পথ। আপনারা জুলাই সনদে স্বাক্ষর করেছিলেন, গণভোটের রায় মেনে নিয়েছিলেন।জুলাই সনদকে মেনে নিন তা বাস্তবায়িত করুন। যদি জুলাই সনদ মেনে না নেন তাহলে বাংলার জনগণ এখনো ঘুমায়নি তারা জাগ্রত আছে তারা পিছু হটবে না। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান, জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন,জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল্লাহ ভূঁইয়া,
জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি তারিকুজ্জামান তৌহিদ,
পৌর জামায়াতের আমির মোহাম্মদ রফিকুল ইসলাম,সদর উপজেলা আমির মাওলানা অলিউল্লাহ,পৌর জামাতের নায়েবে আমির ডাক্তার আবুল হোসেন তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
