নিউজ ডেস্ক
নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে দুই গাঁজাসেবী ও কারবারিকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন থেকে পুলিশ তাদের আটক করে। দণ্ডপ্রাপ্তরা হলেন—কৃষ্ণপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মো. ফারুক (৩৭) এবং নূরুল ইসলামের ছেলে জুনায়েদ ইসলাম (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত ফারুক ও জুনায়েদ দীর্ঘদিন ধরে মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী থানার এসআই কামরুজ্জমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে কৃষ্ণপুর গ্রাম থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে মো. ফারুককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা এবং জুনায়েদ ইসলামকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন আসামিদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার যথাযথ পুলিশ পাহারায় দণ্ডপ্রাপ্তদের নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
