বিশেষ প্রতিবেদক,ঢাকা:
দেশে ইসলাম প্রতিষ্ঠা ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে আলেমসমাজকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তবে রাজনৈতিক বাস্তবতা উল্লেখ করে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “দেশের সব ইসলামী দল এক হলেও এককভাবে সরকার গঠন বা ক্ষমতায় যাওয়া সম্ভব নয়।” গতকাল
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে আয়োজিত ‘ন্যাশনাল ওলামা সামিট’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ”কাদামাটির ওপর দাঁড়িয়ে যুদ্ধ করা যায় না; আগে নিশ্চিত করতে হবে যে পায়ের নিচের মাটি শক্ত আছে কি না। আমরা যখন ওয়াজ মাহফিল করি, তখন লাখ লাখ মানুষ তা শুনতে আসে। কিন্তু এই বিপুল জনসমাগমকে রাজনৈতিক সমর্থক বা নিশ্চিত ভোটার ধরে নেওয়াটা বড় ধরনের ভুল। মাহফিলের শ্রোতা আর রাজনৈতিক ভোটার এক জিনিস নয়।”
সাম্প্রতিক ভোটের সমীকরণ বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, দেশের নির্বাচনে ইসলামী দলগুলোর জনসমর্থনের হার বাস্তবসম্মতভাবে দেখা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, বৃহৎ রাজনৈতিক দলগুলোর বাইরে ইসলামপন্থীদের ভোটব্যাংক এখনো সীমিত। হিসাব তুলে ধরে তিনি জানান, জামায়াতে ইসলামীকে বাদ দিলে বাকি ইসলামী দলগুলোর প্রাপ্ত ভোটের হার দাঁড়ায় মাত্র ৫.৫৫ শতাংশ।
মাঠপর্যায়ে সাধারণ মানুষের সাথে গভীর যোগাযোগ না রেখে অহেতুক আস্ফালন না করার পরামর্শ দিয়ে ড. খালিদ হোসেন বলেন, “জনগণের সাথে কার্যকর কোনো সম্পৃক্ততা ও কানেকশন নেই, অথচ আমরা লম্বা লম্বা কথা বলি—তাহলে এত আস্ফালন কিসের?”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কেবল ফাঁকা আওয়াজ বা বক্তৃতা না দিয়ে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে কাজের মাধ্যমে জনভিত্তি গড়ে তুলতে পারলে ২০৩১ সাল নাগাদ রাজনৈতিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। এর জন্য আলেমসমাজকে ওয়াজ মাহফিলের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানো এবং বাস্তবমুখী রাজনীতির চর্চা করার আহ্বান জানান তিনি।
