নিউজ ডেস্ক
নেত্রকোনার মোহনগঞ্জে নিখোঁজের দুদিন পর ফজলুল রহিম কাজল (৫৫) নামের সাবেক এক সেনাসদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বিরামপুর এলাকা-সংলগ্ন কংস নদের পাড়ের জঙ্গল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত কাজল সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কাকিয়াম গ্রামের বাসিন্দা। দুই বছর আগে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পর তিনি নিজ এলাকায় একটি সৌরবিদ্যুৎ প্রকল্পে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর সকালে সৌরবিদ্যুৎ প্রকল্পের টাকা তুলতে ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন কাজল। শুক্রবার সকালে কংস নদের পাড়ে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা এক গাছের মগডালে হেলান দেওয়া অবস্থায় তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। উদ্ধারের সময় কাজলের গলায় রশি প্যাঁচানো ছিল।
নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গাছের ডালে লাশটি বসানো অবস্থায় ছিল, ঝুলন্ত ছিল না। তবে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
