কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় সন্তানদের বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়েছেন তাদের মা।
আজ রোববার সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো কাওয়ালীকান্দা গ্রামের মো. আব্দুস সাত্তার ও পান্না আক্তার দম্পতির ছেলে মুয়াজ (৬) এবং আরাফাত (৪)।
স্বজনদের বরাতে কেন্দুয়া পেমই পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. বাবুল মিয়া জানান, সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল দুই ভাই। এ সময় অসাবধানতাবশত ঘরের পাশে থাকা একটি আর্থিংয়ের তার স্পর্শ করে ফেলে এক ভাই। তাকে বিদ্যুতায়িত হতে দেখে বড় ভাই চিৎকার দিয়ে বাঁচাতে গেলে সে-ও তারের সংস্পর্শে এসে আটকা পড়ে।
ঘটনার সময় শিশু দুটির বাবা-মা পাশের গোয়ালঘরে গাভির দুধ সংগ্রহ করছিলেন। সন্তানদের চিৎকার শুনে মা পান্না আক্তার দ্রুত ছুটে এসে তাদের উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুতায়িত হয়ে আহত হন।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। আহত মাকে ওই হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, “সাধারণত আর্থিংয়ের তারে বিদ্যুৎ থাকে না। তবে কোনো কারণে সুইচবোর্ড থেকে ত্রুটিযুক্ত হয়ে ওই তারে বিদ্যুৎ পরিবাহিত হয়েছিল। তাতেই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
দুই শিশুর এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পুরো কাওয়ালীকান্দা গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
