কেন্দুয়ায় প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়ায় বিল থেকে নুরুজ্জামাল ওরফে জামাল(৪০) নামের এক সিএনজি চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তাৎক্ষণিকভাবে বিচারের দাবিতে বিক্ষোভ করেছে সিএনজি চালকরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে দিকে উপজেলার চিরাং ইউনিয়নের আদমপুর-দুল্লী রাস্তার পাশের মরা বিল নামক স্থান থেকে থেকে মরদেহটি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিহত জামাল উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার গ্রামের মৃত মগল চান মিয়ার ছেলে।
মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে নেত্রকোনা জেলা সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া-আটপাড়া) সার্কেল মো. গোলাম মোস্তফা, কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান, পিবিআই ও সি আই ডি সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করেন।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং পিবিআই, সি আই ডি টিমকে জানালে তাঁরাও ঘটনাস্থলে আসলে আমরা যৌথভাবে সকাল ৯ টার দিকে আদমপুর-দুল্লী রাস্তার পাশের মরা বিল থেকে সিএনজি চালক নুরুজ্জামাল ওরফে জামাল মিয়ার লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে নিহত জামাল মিয়ার সিএনজিটি ঘটনাস্থলের পাশেই রয়েছে। ঘটনাস্থলেই লাশ সুরতহাল করে থানায় নিয়ে আসা হয়, আজকেই ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে এবং আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
এদিকে এ ঘটনায় দ্রুত আসামি গ্রেফতারের দাবিতে কেন্দুয়া উপজেলার সিএনজি চালকরা বিক্ষোভ মিছিল করেছে। তারা কেন্দুয়া পৌর এলাকার বিভিন্ন সড়কে মিছিল বের করে।
