বারহাট্টা প্রতিনিধি:
নেত্রকোণার বারহাট্টায় মাদক ও জুয়া বন্ধে এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নৈহাটি বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেন বারহাট্টা উপজেলা বিএনপির সহ-সভাপতি কামাল হোসেন মেম্বার, চিরাম ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন ভুট্টো, চিরাম গ্রামের জাহাঙ্গীর হোসেন, নৈহাটী হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক জসিম উদ্দিন, নৈহাটি গ্রামের মেহেদী হাসান মুরাদ, মানিক শেখ, বাখড়া গ্রামের যুবদল নেতা রাজনসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
বক্তারা অভিযোগ করে বলেন, চিরাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয়ভাবে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত উজ্জ্বল শেখ এলাকায় মাদক, জুয়া ও নারী কেলেঙ্কারিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা দাবি করেন, উজ্জ্বল শেখ বিএনপির নাম ব্যবহার করে এলাকায় অপরাধের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। তাই তাকে দলের কমিটি থেকে বহিষ্কারেরও দাবি জানান বক্তারা।
মানববন্ধনে কামাল হোসেন মেম্বার বলেন, “উজ্জ্বল শেখই এলাকায় জুয়া ও মাদকের মূল হোতা। সে আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি নির্দোষ, যদি অপরাধী হই তাহলে আমার বিচার হোক, কিন্তু প্রকৃত অপরাধীকে চিহ্নিত করা জরুরি।”
অন্যদিকে অভিযুক্ত চিরাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উজ্জ্বল শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, কামাল মেম্বারই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য একতরফা মানববন্ধন করেছে। আমরা ইতিমধ্যে মাদক ও জুয়া বন্ধে পুলিশ সুপার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছি।
