কেন্দুয়া প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী ভরাপাড়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
তিনটি ক্যাটাগরির মধ্যে আলিম-ফাজিল শাখায় অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের ওয়াজেদুল ইসলাম ওরফে ওয়াজে মেম্বার (ব্যালট নং-২) এবং গড়াডোবা ইউনিয়নের বিদ্যাভল্লব গ্রামের এহসানুল হক শামীম (ব্যালট নং-১)। নির্বাচনে মোট ২৩১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪টি ভোট বাতিল হয়।
গণনা শেষে ১১৫ ভোট পেয়ে ওয়াজেদুল ইসলাম (ব্যালট নং-২) নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এহসানুল হক শামীম (ব্যালট নং-১) পান ১১২ ভোট। মাত্র ৩ ভোটের ব্যবধানে এ নির্বাচন ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
অন্যদিকে এবতেদায়ী-দাখিল শাখায় মানিক মিয়া এবং কামিল শাখায় আজিজুল ইসলাম ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল বারী। তিনি জানান, “নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।”
মাদ্রাসার উপাধ্যক্ষ মাজহারুল ইসলাম বলেন, “উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সামান্য ব্যবধানে জয়-পরাজয় হলেও সার্বিক সহযোগিতার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
