মুহা. জহিরুল ইসলাম অসীমঃ
শিক্ষাবান্ধব কাজের প্রতি আগ্রহ থেকে নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তিনি সদর উপজেলার বড়গাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, মান ও সুবিধা-অসুবিধা সরেজমিনে খোঁজখবর নেন তিনি।
অনিক মাহবুব চৌধুরী প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং কোমলমতি শিশুদের সঙ্গে কথা বলেন। পরে শিশুদের হাতে খাবার, চকোলেট ও ক্রীড়া সামগ্রী তুলে দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও অন্যান্য শিক্ষকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময়ও করেন তিনি।
তার দেওয়া উপহার পেয়ে শিক্ষার্থীরা এবং বিদ্যালয় কর্তৃপক্ষ উচ্ছ্বসিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বি, সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবির হাসান হিমেল এবং সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম দীপ।
ভবিষ্যতেও নেত্রকোনার শিক্ষার মানোন্নয়নে জেলা ছাত্রদল ও ব্যক্তিগতভাবে সর্বদা সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করেন অনিক মাহবুব চৌধুরী।
