বারহাট্টা প্রতিনিধি:
নেত্রকোণার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর বাজারে কুরআন অবমাননার ঘটনায় তৌহিদী জনতার পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে উত্তেজিত জনতা অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এবং আলেম-উলামাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জোর দাবি জানায়।
মুফতি তাহের কাসেমীর সভাপতিত্বে এবং মাওলানা তরিকুল ইসলাম ও মাওলানা আরমান হোসাইন বাক্কীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন— মাওলানা মুফতি রেজওয়ান রফিকী, মুফতি আরিফ জব্বার কাসেমী, মুফতি সালমান ফারসী, মুফতি আনিসুর রহমান, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা ইউনুস, মাওলানা মফিজুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, ওয়াসিক বিল্লাহ নোমানী, মোহনগঞ্জ সম্মিলিত উলামা পরিষদের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা আমিনুল ইসলাম (ধর্মপাশা), মাওলানা হারুনুর রশীদ ফারুকী, মাওলানা ছাইদুল হক, মাওলানা মুখলেছুর রহমান, মাওলানা মামুনুর রশীদ, মুফতি জাকারিয়া সুতারপুরী, হাফেজ আবুল কাশেমসহ অর্ধশতাধিক আলেম-উলামা।
বক্তারা বলেন, ুকুরআন অবমাননাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে তওবা করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।”
সমাবেশ থেকে মুফতি তাহের কাসেমী ৭ দফা কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিগুলো হলো—আগামী ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসক ও বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান। ২ অক্টোবর জেলা শহরে উলামায়ে কেরামের জরুরি বৈঠক। ৪ অক্টোবর শনিবার নেত্রকোণা জেলা শহরে সাংবাদিক সম্মেলন। ৮ অক্টোবর বুধবার বারহাট্টায় মানববন্ধন। ১৩ অক্টোবর সোমবার বারহাট্টায় বিক্ষোভ মিছিল। ১৯ অক্টোবর রবিবার বারহাট্টা অবরোধ। ২ নভেম্বর রবিবার নেত্রকোণা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল।
প্রতিবাদ সমাবেশে উলামায়ে কেরাম ঘোষণা দেন, কুরআন অবমাননার বিরুদ্ধে তৌহিদী জনতার আন্দোলন চলমান থাকবে এবং দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
