পূর্বধলা প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলায় ৫শ টাকা চাঁদা না দেওয়ায় দুই বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে কয়েক যুবক।
এ সময় বাধা দেওয়ায় এক কলেজছাত্রীসহ তিনজনতে পিটিয়ে আহত করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে নেত্রকোনার পূর্বধলা উপজেলার নরনারায়নপুর গ্রামে।
আহতরা হচ্ছেন- পূর্বধলার নারায়নডহর এলাকার নরনারায়নপুর গ্রামের নূর ইসলাম (৫৫), তাঁর কলেজপড়ুয়া মেয়ে মীম আক্তার(১৮) ও মো. রাকিব মিয়া(২৮)। হামলাকারী একই গ্রামের প্রতিবেশী এনামুল হক (২৮)। আহতদের নেত্রকোনা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনার পূর্বধলার নরনারায়নপুর গ্রামের এনামুল হক একজন নেশাগ্রস্ত যুবক। সে স্থানীয় কয়েক যুবককে নিয়ে এলাকায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধ কাজ করে থাকে। সে একজন নেশাগ্রস্থ। নেশার টাকার জন্য গ্রামের মানুষের ওপর চাপ সৃষ্টি করে।
গত বুধবার প্রতিবেশী নূর ইসলামের কাছে ৫শ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় গত শুক্রবার বিকেলে নূর ইসলামের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এনামুল হক, একই গ্রামের ইমন, আশিক, হৃদয়, সুমনকে নিয়ে নূর ইসলামের বাড়িতে হামলা চালায় এবং বসত ঘর ভাঙচুর করে। তাদের বাধা দেওয়ায় নূর ইসলাম ও তার কলেজপড়ুয়া মেয়ে মীম আক্তারকে মারধর করে।
তাদেরকে বাঁচাতে প্রতিবেশী রাকিব মিয়া এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করে। এলাকাবাসী আহত তিনজনকে ওইদিনই নেত্রকোনা জেলা সদর হাসপাতালে ভর্তি করে। হামলাকারী যুবকরা হাসপাতালে গিয়ে মামলা না করার জন্য এবং বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়। এতে করে নূর ইসলাম তার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগছেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, এ ব্যাপারে এখনও থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
