নেত্রকোণা প্রতিনিধি:
দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখা।
রবিবার (১৯ অক্টোবর) জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারী জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে জানানো হয়, গতকাল ১৮ অক্টোবর দুর্গাপুর উপজেলা জামায়াতের উদ্যোগে মাঠ পর্যায়ের নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কিন্তু ওই কর্মশালাকে কেন্দ্র করে দৈনিক যুগান্তর অনলাইন সংস্করণে “সরকারি কলেজে আ’লীগ কর্মীদের নিয়ে জামায়াতের কর্মশালা” শিরোনামে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।
প্রতিবাদ লিপিতে বলা হয়, “ওই কর্মশালাটি ছিল দলীয় একটি অভ্যন্তরীণ ও নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচির অংশ। এতে জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান প্রধান অতিথি, নেত্রকোণা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল হাসেম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারী জহিরুল ইসলাম।”
জেলা জামায়াতের পক্ষ থেকে বলা হয়, “যুগান্তর পত্রিকার প্রকাশিত ওই সংবাদ সাংবাদিকতার মৌলিক নীতিমালা ও নৈতিকতার পরিপন্থী। এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই প্রকাশ করা হয়েছে।”
প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক দল হিসেবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালনায় বিশ্বাসী। সংবাদমাধ্যমের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে, তবে সাংবাদিকতার দায়িত্ববোধ উপেক্ষা করে মিথ্যা সংবাদ পরিবেশন করলে গণমাধ্যমের উপর জনগণের আস্থা নষ্ট হবে।”
জেলা জামায়াত কর্তৃপক্ষ যুগান্তর পত্রিকার সংশ্লিষ্টদের অবিলম্বে ওই মিথ্যা সংবাদের জন্য ক্ষমা চাওয়ার ও সংশোধনী প্রকাশের আহ্বান জানিয়েছে।
