মদন প্রতিনিধি:
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) এ ধানের শীষ প্রতীকে মনোনীত হওয়ার পর তাঁর নিজ উপজেলা মদনে প্রথম আগমন উপলক্ষ্যে রাজনৈতিক ও স্থানীয় জনসাধারণ তাঁকে গণসংবর্ধনার মধ্য দিয়ে বরণ করেন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা পাবলিক হল মাঠে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আয়োজনে এ গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন, যারা মনে করেন আমি ১৭ বছর নির্যাতিত ছিলাম। তাদের মনে করিয়ে দিতে চাই, আওয়ামী সরকারের আমলে আমার চাইতে বেশি নির্যাতিত বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবার। উনি উনার ছোট ছেলে আরাফাত রহমান খুকুকে হারিয়েছেন এবং বড় ছেলে তারেক রহমান মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন।
তিনি কর্মীদের উদ্দেশ্য আরও বলেন, আমরা যদি তারেক রহমানকে প্রধান মন্ত্রী হিসেবে দেখতে চাই, আমাদের উন্নয়নের রাজনীতি করতে হবে এবং দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। শহীদ জিয়ার আদর্শকে ভিতরে লালন করে রাজনীতি করতে হবে। তবেই দেশ ও জাতি উপকৃত হবে।
উল্লেখ্য যে, লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে প্রথম ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছিলেন।
