নিজস্ব প্রতিবেদক ||
নেত্রকোণার পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলংকা গ্রামে আয়োজিত এক সভায় ইউনিয়ন যুবদল ও বিএনপির একাধিক নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত এ সভায় বিশকাকুনি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিক মন্ডলের নেতৃত্বে যুবদল ও বিএনপির মোট ১৬ জন কর্মী জামায়াতে ইসলামীর পতাকাতলে যোগ দেন।
সভায় সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি রোকন উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুম মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন গোহলাকান্দা ইউনিয়নের আমির হানিফ উদ্দিন, পূর্বধলা সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি তাজুল ইসলাম, বিশকাকুনি ইউনিয়ন জামায়াতের সভাপতি আশিকুর রহমান জিয়াদ, ইউনিয়ন সেক্রেটারি তোফায়েল আলমসহ বিভিন্ন ইউনিয়নের জামায়াত নেতা-কর্মীবৃন্দ।
অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে রজনীগন্ধা ফুল ও মালা পরিয়ে নতুন সদস্যদের দলে বরণ করা হয়।
জামায়াতে যোগদানকারী নেতাকর্মীরা বলেন, “ইসলামী মূল্যবোধ, সৎ নেতৃত্ব ও ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে এ দলে যোগদান করেছি।”
