নিজস্ব প্রতিবেদক:
এখন আমরা স্বাধীন ভাবে মানুষের সাথে কথা বলতে পারছি। উন্মুক্ত পরিবেশে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে পারছি। দেশের মানুষ এখন আমাদের আহ্বানে ব্যাপক সাড়া দিচ্ছে। মানুষ এখন জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চায়।
ইসলামী আন্দোলনের পক্ষে এই সুন্দর পরিবেশ একদিনে তৈরি হয়নি। এর পেছনে অনেক ত্যাগ-তিতিক্ষার করুণ ইতিহাস রয়েছে। আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দের ত্যাগের বিনিময়েই তৈরি হয়েছে আজকের এই উর্বর বাংলাদেশ।”
নেত্রকোণা জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত “মাঠ পর্যায়ে নির্বাচনী দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালায়” প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম।
নির্বাচনী দায়িত্বশীলদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠন করতে হলে সবাইকে নিয়ে আগামী নির্বাচনে ইসলাম পন্থিদের বিজয় নিশ্চিত করতে হবে। জাতির বৃহৎ স্বার্থে ত্যাগের মানসিকতা নিয়ে সমমনা অন্যান্য দলের সাথে সমন্বয় করে ময়দান প্রস্তুত করতে হবে।”
১০ ডিসেম্বর সকালে নেত্রকোণা জেলা জামায়াতের আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোঃ বদরুল আমীনের সঞ্চালনায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. মাওলানা সামীউল হক ফারুকী এবং সাবেক জেলা আমীর ও নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা এনামুল হক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মাহবুবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারী ও নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাসুম মোস্তফা, জেলা সহকারী সেক্রেটারী জহিরুল ইসলাম, ময়মনসিংহ মহানগর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী ও নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার, জেলা কর্মপরিষদ সদস্য ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল হাসেম এবং জেলা কর্মপরিষদ সদস্য ও নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক খায়রুল কবির নিয়োগী প্রমুখ।
