নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।জেলার সদর উপজেলায় আজ শেষ হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলার রাজুর বাজার এলাকায় ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ে তিন দিনের এই কর্মশালার সমাপনী হয়। সমাপ্তি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারটান এর নির্বাহী পরিচালক হায়দার জাহান ফারাস।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আরিফা পারভীন রিপা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মুকশেদুল হক।
এর আগে মঙ্গলবার সকালে বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান ড. মোসা. আলতাফ-উন-নাহারের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলার কর্মকর্তাগন, জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ বারটানের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষণে সুষম খাবার, খাদ্যের উপাদান, শর্করা, আমিষ, ভিটামিন, আঁশ জাতীয় খাদ্য, রোগ প্রতিরোধকারী খাদ্য, স্নেহ জাতীয় খাদ্য, মাছ, মাংস, ডিম ও দুধজাত পুষ্টি উপাদানসহ খাদ্য পুষ্টি ও ফলিত পুষ্টির বিষয়ে আলোচনা করা হয়।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইমাম, এনজিওকর্মী ও কৃষক-কৃষাণীসহ ৬০ জন অংশগ্রহণ করেন।
