নেত্রকোণা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণা–২ (সদর-বারহাট্রা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ এনামুল হক জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা জামায়াতের আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছ, নায়েবে আমীর মাওলানা মাহবুবুর রহমান, জেলা সেক্রেটারি মোঃ বদরুল আমীন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেত্রকোণা জেলা সভাপতি মাওলানা কামাল উদ্দিন এবং নেত্রকোণা পৌর জামায়াতের নায়েবে আমীর ডা. আবুল হোসেন তালুকদারসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত নেতারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে সৎ, যোগ্য ও নীতিবান নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিচ্ছে। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সমর্থন পেলে নেত্রকোণা–২ আসনে একটি কল্যাণমুখী ও জনবান্ধব রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হবে।
মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
