নেত্রকোনা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেত্রকোনায় আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল।
সোমবার বিকেলে শহরের ছোট বাজারস্থ দলীয় কার্যালয় থেকে জেলা প্রেসক্লাব পর্যন্ত এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর নেতৃত্বে বের করা হয়।
মিছিলে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোকসেদুল আলম রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) প্রান্ত পাঠানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় ছাত্রদল নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের দেশে ফেরা দলের ভেতরে যেমন ঐক্য আরও সুদৃঢ় করবে, তেমনি দেশের রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। তারা বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে নেতাকর্মীরা তার প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন। তারেক রহমান ফিরলে দেশে গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আরও উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নেতাকর্মীরা আরও বলেন, দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও তারেক রহমান দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। ‘তিনি আসবেন বীরের বেশে’—এই প্রত্যাশার কথাও তারা উল্লেখ করেন।
উল্লেখ্য, ওয়ান-ইলেভেন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে তারেক রহমান সপরিবারে যুক্তরাজ্যে যান। পরবর্তীতে ২০১২ সালে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলে এক বছরের মধ্যেই তা মঞ্জুর হয়। এরপর দীর্ঘ সময় দেশে ফেরা সম্ভব হয়নি তার। যদিও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান প্রয়োজনে কয়েকবার দেশে এলেও তিনি আসতে পারেননি।
অবশেষে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে।
