মদন প্রতিনিধিঃ
অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজে বীরত্বপূর্ণ অবদান রাখায় রাষ্ট্রীয় “প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স” পদক পাচ্ছেন নেত্রকোনার মদন উপজেলার কৃতি সন্তান ফায়ারফাইটার মোঃ আশরাফ হোসেন।
গত ৩০ ডিসেম্বর ২০২৫, স্বরাষ্ট মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ফায়ার সার্ভিসের কর্মরত ৫০ জন কর্মকর্তা ও কর্মচারীকে এই পদকে ভূষিত করা হয়।
ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায় ২০২৪ সালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগে অগ্নি নির্বাপণ ও সাহসিকতা, ঝুঁকিপূর্ণ উদ্ধার কাজে বীরত্বপূর্ণ অবদান রাখায় ও সেবামূলক কাজের স্বীকৃতস্বরুপ রাষ্ট্রের সবোর্চ্চ পুরস্কার ‘প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’ পদকসহ মোট ৫০ জন কর্মকর্তা ও কর্মচারীকে পদকে ভূষিত করা হয়। এর মধ্যে কিশোরগঞ্জের ইটনা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ারফাইটার মোঃ আশরাফ হোসেন কে এ পদকে ভূষিত করা হয়েছে।
মোঃ আশরাফ হোসেনের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামে। তিনি সাবেক পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন ও সাহেদা আক্তার দম্পতির সন্তান। তিনি ২০১২ সালের ৪ ডিসেম্বর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগে যোগদান করেন।
এ ব্যাপারে ইটনা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ মুশফিকুর রহমান জানান,’ ফায়ার ফাইটার আশরাফ হোসেন রাষ্ট্রীয় পদক পাওয়ায় আমরা খুবই আনন্দিত। এই অর্জন শুধু তার একা নয় আমাদের সবার। তার এমন অর্জনে আমরা গর্ববোধ করি।’
