নিজস্ব প্রতিবেদকঃ
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীকে কুঠার দিয়ে হত্যা করার দায়ে স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন নেত্রকোনা দায়রা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম মুন মুঞ্জুরি। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আবুল হাসেম এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. আনিসুর রহমান।
আদালত সূত্রে জানা যায়, পূর্বধলা উপজেলার বাসিন্দা রুক্কু মিয়ার সঙ্গে প্রায় ১০ বছর আগে কলমাকান্দা উপজেলার রুবিনা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুইটি কন্যাসন্তান রয়েছে। জীবিকার তাগিদে রুক্কু মিয়া স্ত্রী ও সন্তানদের নিয়ে গাজীপুরে বসবাস করতেন।
দাম্পত্য কলহের জেরে ঘটনার প্রায় এক মাস আগে রুবিনা আক্তার স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি কলমাকান্দা উপজেলার কৈলাটি গ্রামে চলে যান। পরে ২০২১ সালের ১৪ মে ঈদের ছুটিতে সন্তানদের সঙ্গে দেখা করতে রুক্কু মিয়া শ্বশুরবাড়িতে যান।
সেদিন রাতে ঘুমন্ত অবস্থায় রুবিনা আক্তার কুঠার দিয়ে স্বামীর মাথায় আঘাত করে তাকে হত্যা করেন। ঘটনার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।
