জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় কলমাকান্দা উপজেলা মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী ইউনিটের সভাপতি আবুল কালাম কালামিয়া, উপজেলা এনসিপি কমিটির সদস্য আবু কাওসার, বোরহান উদ্দিন, আল মামুন ও শাহপরান প্রমুখ।
বক্তারা বলেন, ইউএনও মাসুদুর রহমান নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর বদলি জনস্বার্থের পরিপন্থী উল্লেখ করে বক্তারা দ্রুত বদলির আদেশ প্রত্যাহার করে তাঁকে পুনর্বহালের দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি কলমাকান্দার লেঙ্গুড়া ইউনিয়নে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্ত পারভেজ ভূঁইয়াকে আটক করা হলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে মব সৃষ্টি করে তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাকালে চেয়ারম্যান পুলিশ ও উপজেলা প্রশাসনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে। পরে ওই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ ঘটনার পর থেকেই ইউএনও মাসুদুর রহমানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার শুরু হয় বলে দাবি করেন স্থানীয়রা। এর মধ্যেই গত ২০ জানুয়ারি দিবাগত রাতে তাঁকে বদলি করে অন্য একজন প্রশাসককে কলমাকান্দায় পদায়ন করা হয়।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে গিয়ে প্রশাসনের কর্মকর্তারা যদি অপমানিত হন বা এলাকায় টিকে থাকতে না পারেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তাঁরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করার স্বার্থে ইউএনও মাসুদুর রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।
