নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলা, অবরুদ্ধ করা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত এক আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের পরবর্তী কার্যক্রমের জন্য আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পূর্বধলা উপজেলা সদরের আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় এমপি মাছুম মোস্তফার গাড়ি ভাঙচুর করা হয় এবং তাকে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর গতকাল শুক্রবার রাত সোয়া দুইটার দিকে মাছুম মোস্তফার ব্যক্তিগত সহকারী ও
উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আল আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি করেন। পরে অভিযান চালিয়ে এজাহারনামীয় এক আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মাছুম মোস্তফার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী পূর্বধলা উপজেলার বিএনপির আহ্বায়ক মো. আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করে ৬৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫০ থেকে ৬০ জন।
ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অভিযুক্তদের আটক করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
