আবুল কালাম, নেত্রকোনা:
দৈনিক সকালবেলার স্টাফ রিপোর্টার এবং নেত্রকোনা জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার রুকন সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরী আলীম আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৩ মে) দুপুর ১২.৫০ মিনিটের দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (হার্ট অ্যাটাক) হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। প্রথিতযশা এই সাংবাদিকের আকস্মিক মৃত্যুতে নেত্রকোনার গণমাধ্যম,রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম হাফিজ উল্লাহ চৌধুরী আলীম নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমের ছোট ভাই। তিনি দেশের প্রথম সারির ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’, ‘বাংলাদেশ বুলেটিন’সহ দেশের বেশ কয়েকটি স্বনামধন্য জাতীয় পত্রিকায় অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দীর্ঘ তিন দশক ধরে সাংবাদিকতা করেছেন। মৃত্যুপূর্ব পর্যন্ত তিনি ‘দৈনিক সকালবেলা’র নেত্রকোনা জেলা স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি আইন শাস্ত্রে উচ্চতর স্নাতকোত্তর (এলএলএম) ডিগ্রি অর্জন করেছিলেন।
নেত্রকোনা জেলা শহরের মুক্তারপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা হাফিজ উল্লাহ চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে সন্তানসহ অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর সহধর্মিণী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত এবং তাঁর একমাত্র সন্তান একজন আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, যিনি উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন। দুপুরে তাঁর মৃত্যুর খবর মুক্তারপাড়ার বাসভবনে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। সহকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ মরহুমের লাশ দেখতে তাঁর বাসায় ভিড় জমান।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম হাফিজ উল্লাহ চৌধুরী আলীমের নামাজে জানাজা আজ শনিবার মাগরিবের নামাজের পর নেত্রকোনা জেলা শহরের ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে নেত্রকোনা পৌর কেন্দ্রীয় গোরস্থানে তাঁর মরহুম পিতার কবরের পাশে দাফন করা হবে।
তাঁর এই অকাল ও আকস্মিক মৃত্যুতে নেত্রকোনা জেলা প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
