আশিকুর রহমান জিয়াদ, পূর্বধলা :
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের মাননীয় সংসদ সদস্য মাছুম মোস্তফার মরহুমা মাতাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে পূর্বধলা উপজেলা যুবদল নেতা আবু বকর রানার বিরুদ্ধে।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে ‘মাছুম মোস্তফা (এমপি) মিডিয়া সেল’। অন্যথায় তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আজ বুধবার (০৩ জুন, ২০২৬ইং) মাছুম মোস্তফা মিডিয়া সেলের চিফ অফ টিম মুহা. আবু হুজাইফা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আলটিমেটাম দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাননীয় সংসদ সদস্য মাছুম মোস্তফা সাহেবকে রাজনৈতিকভাবে সমালোচনা করা যেকোনো নাগরিকের গণতান্ত্রিক অধিকার। তবে তাঁর মরহুম মাকে নিয়ে কুরুচিপূর্ণ, অশালীন ও ন্যাক্কারজনক মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু একজন ব্যক্তির নয়, বরং একটি পরিবারের চরম সম্মানহানির শামিল। মতপ্রকাশের স্বাধীনতা সবারই আছে, কিন্তু কোনো মৃত ব্যক্তি ও তাঁর পরিবারের সম্মান ক্ষুণ্ন করার অধিকার কারও নেই।
জানা গেছে, সম্প্রতি আবু বকর রানা তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট শেয়ার করেন। যেখানে তিনি পরোক্ষভাবে চরম আপত্তিকর ও অশালীন শব্দপ্রয়োগের মাধ্যমে সংসদ সদস্যের মাতাকে ইঙ্গিত করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। পোস্টটির শেষ অংশে তিনি উল্লেখ করেন, “ফ্যাক্ট: পূর্বধলায় আজ এক উড়াধোড়া নেতার সংবাদ সম্মেলন।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবদল নেতার এমন আপত্তিকর পোস্টটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ জনগণের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। অনেকেই একজন মৃত নারী ও মায়ের প্রতি এমন শব্দ চয়নকে চরম রাজনৈতিক দেউলিয়াত্ব ও শিষ্টাচারবহির্ভূত বলে আখ্যা দিয়েছেন।
মিডিয়া সেলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আবু বকর রানা যদি তাঁর এই হীন কর্মের জন্য প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করেন, তবে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানানো হবে।
